নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২১:৫৫ পিএম
প্রয়াত সুরসাধক মোমিনুল হক ভুটি স্মরণে আয়োজিত শাস্ত্রীয় সংগীতের তৃতীয় আসরে সংগীত পরিবেশনে শিশুশিল্পীরা। বৃহস্পতিবার নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন---প্রবা ফটো
নওগাঁয় প্রয়াত সুরসাধক মোমিনুল হক ভুটি স্মরণে হয়ে গেল শাস্ত্রীয় সংগীতের তৃতীয় আসর। নওগাঁ শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই সংগীত আসরের আয়োজন করে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শাস্ত্রীয় সংগীতের এই আসরে স্বাগত কথন ও উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ। পরে প্রয়াত সুরসাধক ও ভাষাসংগ্রামী মোমিনুল হক ভুটির জীবনী পাঠ করেন একুশে পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল।
সংগীতশিল্পী বিপুল কুমারের পরিকল্পনা ও নির্দেশনায় এবং আবৃত্তিশিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে খেয়াল ও গান পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল, আলমগীর পারভেজ সুমন, অর্চনা প্রামাণিক ও বিপুল কুমার। বাঁশিতে শরৎ কুমার পাল ও তবলায় লহরা পরিবেশন করেন যতন কুমার পাল। রণজিৎ কুমার পাল, বিপুল কুমার ও উত্তম কুমার হালদারের যন্ত্রসংগীতে স্বাগতা, ওম, পুনম, সুদর্শনা, তনুশ্রী, দীপিকা, বিভোর, লাবণ্য, শ্রীপর্ণা ও পূজার সমবেত কণ্ঠে খেয়াল পরিবেশন মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের।