গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৩১ পিএম
রাজবাড়ীর খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন। প্রবা ফটো
রাজবাড়ীর খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা রেললাইন অবরোধ করে অন্তত ১০ মিনিট ট্রেন আটকে রাখেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, খানখানাপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় রেললাইন অবরোধ করে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি অন্তত ১০ মিনিট আটকে রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ হোসেন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন, খানখানাপুর ইউপির সাবেক সদস্য নব কুমার দত্ত, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
তাদের দাবি, খানখানাপুর ও গোয়ালন্দসহ আশপাশের এলাকার মানুষের সুবিধার স্বার্থে খানখানাপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই স্টেশনে যাত্রাবিরতি চালু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের তথ্যমতে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে সকাল ৭টায়। গোয়ালন্দ ঘাট পৌঁছায় দুপুর ১২ টা ২০ মিনিটে। গোয়ালন্দ ঘাট থেকে ছাড়ে বিকাল ৩টায়, রাজশাহী পৌঁছায় রাত ৮টা ২৫ মিনিটে। পথে ঈশ্বরদী, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালি, খোকশা, পাংশা, কালুখালী ও রাজবাড়ী স্টেশনে বিরতি দেয়। সেখান পাঁচুরিয়ায় যাত্রাবিরতি দিয়ে খানখানাপুর স্টেশন হয়ে ঢাকায় পৌঁছয়। তবে খানখানাপুর স্টেশনে যাত্রাবিরতি নেই।
জানতে চাইলে খানখানাপুর রেলস্টেশন মাস্টার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা যে সিদ্ধান্ত নেবেন, তা জানিয়ে দেওয়া হবে।