ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম
নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রবা ফটো
ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়।
ওসি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।