বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম
জাহিদ ফারুক শামীম। ছবি : সংগৃহীত
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী গত ৫ বছরে ২ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৯৯৪ টাকার মালিক হয়েছেন।
এ ছাড়া এ সময়ে জাহিদ ফারুক শামীমের আয় বেড়েছে ৩৭ গুণ। একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে দেওয়া হলফনামায় এ তথ্য পাওয়া গেছে।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের দেওয়া হলফনামায় তার স্ত্রীর নামে কোনো সম্পদ উল্লেখ করেননি। তবে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে স্ত্রীর নামে ২ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৯৯৪ টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন। এর মধ্যে স্ত্রীর কাছে নগদ রয়েছে ৯২ লাখ ১৯ হাজার ৯৯৫, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫৬ লাখ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ ৭০ লাখ টাকা ও ব্যক্তি খাতে বিনিয়োগ সাড়ে ৪ লাখ টাকা। একাদশ সংসদের হলফনামায় স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণালংকার উল্লেখ করেছিলেন। কিন্তু দ্বাদশ সংসদের হলফনামায় উল্লেখ করেছেন মাত্র ১০ তোলা স্বর্ণালংকার।
একাদশ সংসদ নির্বাচনে জাহিদ ফারুক তার বছরে আয় হিসেবে দেখিয়েছিলেন ৪ লাখ ৫১ হাজার ৮০২ টাকা। দ্বাদশ সংসদের হলফনামায় বছরে আয় দেখিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৬৫৮ টাকা।
নগদ অর্থ বেড়েছে ৫ গুণেরও বেশি
একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় জাহিদ ফারুক নগদ অর্থ দেখিয়েছিলে ১০ লাখ ৯৪ হাজার ৯২৫ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় নগদ অর্থ দেখিয়েছেন ৫৮ লাখ ১১ হাজার ৬০৩ টাকা।
একাদশ সংসদের হলফনামায় জাহিদ ফারুক শামীম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো জমা উল্লেখ করেননি। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা হিসেবে দেখিয়েছেন ১ কোটি ৯ লাখ। একইভাবে একাদশে বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কোনো শেয়ারের কথা উল্লেখ না করলেও দ্বাদশে এ খাতে ১১ লাখ ২৫ হাজার টাকা দেখিয়েছেন।
একাদশে ও দ্বাদশে নিজে একটি ২৬ লাখ ৮৯ হাজার ৪৫০ টাকা মূল্যের একটি এলিয়েন কারের কথা উল্লেখ করেছেন। একাদশে নিজের নামে ২০ ভরি স্বর্ণালংকারের কথা উল্লেখ করলেও দ্বাদশে করেছেন ২০ তোলা স্বর্ণ রয়েছে জাহিদ ফারুকের।
একাদশের আড়াই লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকসসামগ্রী, দ্বাদশে রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার। একাদশে দেড় লাখ টাকার আসবাপত্র ও দ্বাদশের হলফনামায় ৭০ হাজার টাকার উল্লেখ করা হয়েছে।
একাদশের হলফনামায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের কৃষিজমির কথা উল্লেখ করেছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় বরিশাল নগরীর বাংলাবাজার ও ঢাকার বারিধারায় ১ কোটি ১ লাখ ১৯ হাজার ২৫০ টাকার জমি রয়েছে বলে উল্লেখ করেছেন।
একাদশে পেশা ব্যবসা উল্লেখ করলেও দ্বাদশে উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। একাদশ সংসদ নির্বাচনে পূবালী ব্যাংকের সিবাহীবাগ বাজার শাখায় গাড়ি ক্রয় বাবদ ৬ লাখ ৯০ হাজার ৭৮৬ টাকা ঋণ ছিল। একটি মামলা আদালত থেকে খারিজের তথ্য ছিল। কিন্তু দ্বাদশ সংসদের হলফনামায় এ বিষয়টি উল্লেখ নেই।