বগুড়া অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৮ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:০৮ এএম
বগুড়ায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো
বগুড়ায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই ট্রাকটি পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে নয়মাইল এলাকায় দুর্বৃত্তরা প্রথমে ট্রাকটির কেবিনের কাচ ভাঙচুর করে, পরে খড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আধাঘণ্টার চেষ্টার আগুন নেভান।
তিনি আরও জানান, এতে ট্রাকের চালক ও হেলপার ক্ষতিগ্রস্ত হননি, তবে খড় পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।