× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচন

বাছাইয়ে বাদ ৭৩১ প্রার্থী, বৈধ ১৯৮৫ জন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম

বাছাইয়ে বাদ ৭৩১ প্রার্থী, বৈধ ১৯৮৫ জন

রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েছেন ৭৩১ জন প্রার্থী। বৈধতা পেয়েছেন ১ হাজার ৯৮৫ জন। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাতে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। গতবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তারা সে সময় ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেন। 

রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে সোমবার আওয়ামী লীগের আরও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদ। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গত রবিবার এ অভিযোগে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। এর আগে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয় ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, কক্সবাজার-১-এর সালাহউদ্দিন আহমদ এবং কিশোরগঞ্জ-৩ আসনের নাসিরুল ইসলাম খানের। 

শাম্মী আহমেদের বড় ভাই মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করব।

গত রবিবার কাগজপত্রে জটিলতা থাকায় বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, লক্ষ্মীপুর-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন এমএ আওউয়ালসহ বেশ কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। এদের মধ্যে পঙ্কজ দেবনাথ, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র সোমবার বৈধ ঘোষণা করা হয়েছে। লায়ন এমএ আওউয়ালের মনোনয়নপত্র বৈধতা পায়নি। রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ করা হয় ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা বকেয়া কর পরিশোধের পর।

লক্ষ্মীপুর-৪ আসনেও মেজর (অব.) মান্নানের মনোনয়নপত্র বাতিল

নোয়াখালী-৪ আসনের পর নিজ এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনেও ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার নোয়াখালী-৪ আসন থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং অফিসার জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও যাদের মনোনয়নপত্র বাতিল হলো

লালমনিরহাট-১ আসনের (পাটগ্রাম-হাতীবান্ধা) স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক এমডি এবং সিইও আতাউর রহমান প্রধানের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৩ বছর অতিক্রম না হওয়ায় এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া লালমনিরহাট-৩ (সদর) আসনের ৮ প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেনের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গ্রাম পুলিশ এসকেন আলী। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া রাজবাড়ীর দুই আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে রাজবাড়ী-১ আসনে সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী রয়েছেন। মাগুরার ৩টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩ জনের। নাটরের ৪টি আসনে ৩১ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। খুলনার ৬টি আসনে ৫৩ প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ২৪ জনের। রংপুরে ৬টি আসনে ৩৯ প্রার্থীর মধ্যে বাতিল ১০ জনের। নরসিংদীতে ৫টি আসনে ৪৩ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৬ জনের। বরিশালে ৬টি আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে বাতিল ১০ জনের। কুষ্টিয়ার ৪টি আসনে ৪৬ প্রার্থীর মধ্যে বাতিল ১৭ জনের। নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৫ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭ জনের। লালমনিরহাটের ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ৮ জনের। ফেনীর ৩টি আসনে ৩৮ প্রার্থীর মধ্যে বাতিল ১৭ জনের মনোনয়নপত্র। বাগেরহাটের ৪টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ৬ জনের। পাবনার ৫টি আসনে ৩৭ প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ৩ জনের। সিরাজগঞ্জের ৬টি আসনের ৪৩ প্রার্থীর মধ্যে বাতিল ১৩ জনের। চাঁদপুরের ৫টি আসনে ৪৩ প্রার্থীর মধ্যে বাতিল ১১ জনের। নওগাঁর ৬টি আসনে ৫৫ প্রার্থীর মধ্যে বাতিল ২২ জনের। বগুড়ায় ৭টি আসনে ৮৯ জন প্রার্থীর মধ্যে বাতিল ২৯ জনের। মৌলভীবাজারের ৪টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে ৭ জনের বাতিল হয়েছে। হবিগঞ্জের ৪টি আসনে ৪০ প্রার্থীর মধ্যে বাতিল ৪ জনের। কিশোরগঞ্জের ৩টি আসনে ২৪ প্রার্থীর মধ্যে বাতিল ১২ জনের। এছাড়া গাজীপুরের ৫টি আসনে ৪৪ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩ জনের।

এদিকে দলীয় মনোনয়ন নিয়ে প্রতারণার অভিযোগে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনে রাকিব হাসান নামে এক ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক ওই ব্যক্তির প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। বগুড়া শহরের নাটাইপাড়ার আব্দুস সোবহানের ছেলে রাকিব হাসান নিজেকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী দাবি করেছিলেন। পরে ওই আসনে দলটির আসল মনোনীত প্রার্থী আব্দুল মজিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রাকিব হাসান চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। এরপর তিনি জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতিতে যোগ দেন।

২৫টি আসনে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি

নির্বাচন কমিশনের তথ্য- সারা দেশের ৩০০টি আসনের মধ্যে ২৫টিতে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। আসনগুলো হচ্ছে- সাতক্ষীরা-১, টাঙ্গাইল-১ ও ৮, বরিশাল-৫, ভোলা-৩ ও ৪, পাবনা-১, সিরাজগঞ্জ-৪, শরীয়তপুর-৩, মাদারীপুর-১, ফরিদপুর-২, গাজীপুর-২ ও ৩, নরসিংদী-২, ঢাকা-১৫, চাঁদপুর-৩, চট্টগ্রাম-১৩ ও ১৪, ব্রাহ্মণবাড়িয়া-২, মৌলভীবাজার-২, সিলেট-৫ ও ৬, সুনামগঞ্জ-১, রাঙামাটি ও বান্দরবান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা