× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪

নৌকাকে বিজয়ী করতে অভয়নগর-বাঘারপাড়া একাট্টা

রফিকুল আলম, অভয়নগর (যশোর)

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:০১ পিএম

সোমবার বাঘারপাড়া উপজেলার প্রয়াত কয়েকজন নেতার কবর জিয়ারত করেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। বাঘারপাড়ার ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিকাইল সরদারের কবর জিয়ারতের সময়। প্রবা ফটো

সোমবার বাঘারপাড়া উপজেলার প্রয়াত কয়েকজন নেতার কবর জিয়ারত করেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। বাঘারপাড়ার ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিকাইল সরদারের কবর জিয়ারতের সময়। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে দলের সবাই এক হয়ে কাজ করছে। এনামুল হক বাবুল সর্বস্তরে গ্রহণযোগ্য নেতা হওয়ায় উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে ভোটের প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে সবাই। 

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে নির্বাচিত বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন। নির্বাচনের পর পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে সখ্য গড়ে দলে বিভাজনের রাজনীতি শুরু করেন। সেখানে দলের জন্য ত্যাগী নেতাদের পাশে ছায়া হয়ে থেকেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। তাকে প্রার্থী হিসেবে পেয়ে এবার আশায় বুক বেঁধেছে নির্বাচনী এলাকার মানুষ। সবাই মিলে নৌকাকে জয়ী করতে বদ্ধপরিকর।

সরেজমিন অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং যশোর জেলার সদরের বসুন্দিয়া ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এমপি রণজিৎ রায় আওয়ামী লীগের মধ্যে যে বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন, তা ভুলে সবাই এনামুল হক বাবুলের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ অধিকারীর মনোনয়ন বাতিল হওয়ায় এনামুল হক বাবুলসহ এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নীরবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায়। এ ছাড়া ভোটের লড়াইয়ে আরও আছেন জাতীয় পার্টির অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তৃণমূল বিএনপির লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম সাব্বির আহমেদ, জাকির পার্টির লিটন মোল্যা, বাংলাদেশ জাতীয় আন্দোলনের সুকৃতী কুমার মণ্ডল ও ইসলামী আন্দোলনের ইউনুস আলী। 

তবে নির্বাচনী মাঠ ঘুরে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী যিনিই হোন না কেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই জনজোয়ার তৈরি হয়েছে। এবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। তিনি মনোনয়ন পাননি। তবে তিনি সব দ্বিধা কাটিয়ে এনামুল হক বাবুলকে জয়ী করতে একাত্মতা ঘোষণা করেছেন। 

আরশাদ পারভেজ বলেন, ’সব কিছু ভুলে নৌকার জয়ের জন্য কাজ করছি আমরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতেই হবে।’

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, ’এনামুল হক বাবুল নৌকা প্রতীক পাওয়ায় এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উজ্জীবিত। সবাই তার জন্য একাট্টা। ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ’আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের জনপ্রতিনিধি হওয়ার মতো অনেক যোগ্য নেতা রয়েছেন। কিন্তু শেখ হাসিনা কাউকে মনোনয়ন দিলে আর কোনো কথা থাকে না। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আগামী ৭ জানুয়ারি ভোট-বিপ্লবের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে সবাই নিরলস কাজ করব।’

মনোনয়ন ঘোষণার পর দলের সবাই একাট্টা হয়ে কাজ করছেন জানিয়ে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান বলেন, ’নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে তাকে জয়ী করে আনতে হবে।’

তিনি বলেন, ’বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমপক্ষে ২১ বার হত্যার চেষ্টা করেছে। তারা এখনও নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যদি আমরা বিজয় অর্জন করতে না পারি, তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। ঐক্যবদ্ধ থাকলে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে হারানো সম্ভব নয়।’

নৌকার মাঝি এনামুল হক বাবুল বলেন, ’আমার বিশ্বাস, এখন সংগঠনের ভেতর কোনো গ্রুপিং নেই। আমি আওয়ামী পরিবারের সন্তান। সংগঠনের সবাই আমাকে ভালোবাসেন। দলের স্বার্থে সবাই এক। আমি এই আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন-ভালোবাসা পেয়েছি। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত।’

তিনি আরও বলেন, ’আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থেকে নির্বাচনী প্রচার চালাতে হবে। দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। এই ষড়যন্ত্রকারীরা নির্বাচনী মাঠে নেমেছে। তারা ভুল তথ্য দিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নৌকার বিজয় সুনিশ্চিত না হলে আন্তর্জাতিক গণমাধ্যমে চক্রান্তকারীরা অপপ্রচার চালাবে। এই মিথ্যার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের মাধ্যমে স্বাধীন, সার্বভৌম জাতিসত্তা রক্ষার জন্য সব ধরনের মতপার্থক্য ও আরামকে হারাম করে প্রত্যেক ভোটারকে কেন্দ্রে আনতে কাজ করতে হবে।’ 

এনামুল হক বাবুল আরও জানান, আমি সারা জীবন যাদের সঙ্গে রাজনীতি করেছি, তাদের মধ্যে অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা আজ আমাদের মাঝে নেই। তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করি। সবার না পারলেও প্রয়াত অনেক নেতার কবর জিয়ারত করেছি। তারা বেঁচে থাকলে খুশি হতেন। তাদের পরিবারের সদস্যরা আমার সঙ্গে আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা