বরিশাল-৪
প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১৭ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রবা ফটো
বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড. শাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এ ছাড়া এ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আসাদুজ্জামানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার দল তাকে এ আসনে মনোনয়ন বাতিল করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ড. শাম্মীর বড় ভাই ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।
দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, জাতীয় পার্টির মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু।