লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০১ পিএম
বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকেও ঋণ খেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার নোয়াখালী-৪ আসন থেকে তার মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা।
আজ মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং কর্মকর্তা বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি তিন কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুর-৪ আসনে ছয়জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলি, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ ছোলায়মান, জাসদের মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল্লাহ, তার সহধর্মীনি মাহমুদা বেগম ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম।
মান্নান ছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও মাহবুবুর রহমানের মনোয়ন বাতিল হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনে গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।