চট্টগ্রাম-১৫
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:১৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম
ভুক্তভোগী সৈয়দুল আলম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমানের এক সমর্থককে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে একই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা মো. নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্বতন্ত্র প্রার্থী।
লিখিত অভিযোগে ডা. মিনহাজুর রহমান উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে সংযুক্তি হিসেবে দাখিল করা এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকার ক্রম ৩১০ নম্বর লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম (দৈবচয়নে তিনি ১০ জন সমর্থকের একজন)।
অভিযোগে তিনি বলেন, ‘প্রতিপক্ষ সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজামউদ্দিন নদভী তার নগরের চান্দগাঁও রুপালি আবাসিকের বাসার তৃতীয় তলার অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে তাকে আটকে রেখেছেন এবং সোমবার (আজ) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আপনার কার্যালয়ে হাজির করে স্বাক্ষর দেননি মর্মে সাক্ষ্য প্রদানের জন্য চাপ দিতে বাধ্য করার চেষ্টা করছেন। অথচ এই সমর্থক গত ২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলায় সশরীরে উপস্থিত হয়ে সমর্থনে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিপ্রেক্ষিতে আমার সমর্থক সৈয়দুল আলমকে উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা প্রদানের আবেদন করছি।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চট্টগ্রাম-১৫ আসনে নৌকার প্রার্থী আবু রেজা নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে ওই আসনের এক স্বতন্ত্র প্রার্থী তার সমর্থককে আটকে রাখার অভিযোগ করেছেন। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটি আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখতে তাদের কাছে অভিযোগটি পাঠিয়েছি।’