× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে দ্বিমুখী চ্যালেঞ্জে আওয়ামী লীগ প্রার্থীরা

কাওছার আহমদ, সিলেট

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৬ পিএম

সিলেটে দ্বিমুখী চ্যালেঞ্জে আওয়ামী লীগ প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের ৪টিতেই চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনে বিএনপি-জামায়াত না থাকলেও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা শক্তভাবে মাঠে নেমেছেন। নিজেদের অবস্থান জানান দিতে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনে এখন অন্যান্য দলের প্রার্থীর সঙ্গে নিজ দলের বিদ্রোহীদেরও মোকাবিলা করতে হচ্ছে আওয়ামী লীগের। এ অবস্থায় দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে ভোটযুদ্ধে জিততে হবে আওয়ামী লীগকে।

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজকোর্টের পিপির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে শক্ত প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান। তাদের সঙ্গে নিজেদের অবস্থান জানান দিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল। 

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট জেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি কফিল আহমদ চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য। ইহতেশামুল হক চৌধুরী দুলাল নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। 

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। তবে নতুন মুখ তৃণমূল বিএনপির আবুল হোসেন অঘটন ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকে।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক সাব্বির আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৃণমূল বিএনপির কায়সার আহমদ কাওছার ও ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম, মুসলিম লীগের খায়রুল ইসলাম।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনেও বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আসনেও আওয়ামী লীগের প্রার্থী চ্যালেঞ্জে রয়েছেন। এখানে অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম উদ্দিন। এ অবস্থায় নাহিদকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। তখন কেন্দ্র থেকে নির্দেশনাও থাকতে পারে। এখন এর চেয়ে বেশি বলার কিছু নেই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা