× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিহঙ্গ

দেশের সবচেয়ে উঁচু পাখি

আ ন ম আমিনুর রহমান

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৬ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮ পিএম

রাজশাহী শহরের পাশে পদ্মা নদীর চরে দেশের সবচেয়ে উঁচু পাখি লোহারজঙ্গ। ছবি : মো. মারুফ রানা

রাজশাহী শহরের পাশে পদ্মা নদীর চরে দেশের সবচেয়ে উঁচু পাখি লোহারজঙ্গ। ছবি : মো. মারুফ রানা

জানা মতে, কালো ঠোঁট ও লাল লম্বা পায়ের সাদা-কালো-নীলচে পাখিটিকে ২০১১ সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে প্রথমবার দেখা যায়। এরপর ২০১৬ সালে রাজশাহীর পদ্মার চরে পাখিটিকে দেখার খবর শুনে পক্ষী আলোকচিত্রী সাজ্জাদ খান রনিকে সঙ্গে নিয়ে ২৮ জানুয়ারি রাতে রাজশাহীর উদ্দেশে রওনা হলাম। পরদিন ভোরে পৌঁছে সাহেববাজারের একটি হোটেলে উঠলাম। নদীতে রওনা দেওয়ার আগে প্রায় দু’ঘণ্টা ঘুমিয়ে নিলাম। এর মধ্যেই রনি রাজশাহীতে ওর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে নৌকা ঠিক করে ফেলল। সকাল ৭টায় আমরা রাজশাহী পুলিশ লাইনের বটতলা ঘাট থেকে জিল্লাল মাঝির নৌকায় চড়লাম। সারাটা দিন ওর নৌকায় পদ্মার বিভিন্ন চরে পাখিটিকে খুঁজে বেড়ালাম। কিন্তু কোথাও তার হদিস মিলল না। তবে টকটকে লাল ঠোঁট-পা ও সাদা-কালো পালকের আরেকটি বড় পাখি কালাজাং-এর (Black Stork) সঙ্গে দেখা হয়ে গেল। 

পরদিন অর্থাৎ ৩০ জানুয়ারি আবারও পদ্মায় গেলাম ওকে দেখার দাবিদার আরেকজন মাঝির নৌকায় চেপে। কিন্তু পদ্মার পূর্ব পাশ দিয়ে চর খিদিরপুর, চর খানপুর ও চর মাজারদিয়ার গ্রামের আশপাশের সবকটি চর চষে বেড়িয়েও পাখিটির দেখা পেলাম না। রনির বন্ধু মুরাদ ভাই ও মাঝির হিসেবে চর মাজারদিয়ারে ঢেঙ্গা পাখিটি থাকার কথা। কিন্তু ওখানে ছয়টি শামুকখোল (Asian Openbill) ও চারটি চখা-চখি (Ruddy Shelduck) ছাড়া অন্য কোনো পাখি পেলাম না। অতএব আবারও পশ্চিম দিক অর্থাৎ বুলনপুর ও হারুপুর হয়ে নবগঙ্গার কাছাকাছি চলে এলাম। 

প্রায় দুপুর বারটা বাজে, অথচ এখনও কুয়াশা কাটেনি। সবাই নৌকায় শুয়ে আছে। বাইনোকুলার হাতে আমি সজাগ দৃষ্টিতে নৌকার গলুইয়ে দাঁড়িয়ে। এমন সময় চরের ওপর দুটো কালো কিছু নজরে এলো। বাইনোকুলারে চোখ রেখেই চমকে উঠলাম! যাদের দুদিন ধরে খুঁজছি ওরাই তো! রনিকে চুপি চুপি ডেকে পজিশন নিতে বললাম। হাঁটুজোড়া ভেঙে পাখি দুটো বসেছিল। একটু একটু করে সামনে এগোচ্ছি আর ক্যামেরায় ক্লিক করছি। এবার ওরা দাঁড়িয়ে হাঁটা শুরু করল ও শেষে উড়াল দিল। আমরাও চরে নেমে লুকিয়ে লুকিয়ে ওদের অনুসরণ করলাম। কিন্তু ওরা বেশ চালাক; নিরাপদ দূরত্বসীমা শেষ হতেই আকাশে উড়ল। 

দুদিন ধরে খোঁজা কালো ঠোঁট ও লাল লম্বা পায়ের সাদা-কালো-নীলচে পাখিটি এদেশের সবচেয়ে উঁচু সারস পাখি লোহারজঙ্গ। লোহা জঙ্গা, কালোগলা মানিকজোড় বা রামশালিক (পশ্চিমবঙ্গ) নামেও পরিচিত। ইংরেজি নাম Black-necked Stork। চিকোনিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Ephippiorhynchus asiaticus (এফিপ্পিওরিনকাস এশিয়াটিকাস)। দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ওদের বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। বিরল ও বিপন্ন ভবঘুরে পাখিটি শীতে অনিয়মিতভাবে এদেশে আসে। রাজশাহীর পদ্মার চরে ২০১৬-তেই প্রথম দেখা গেল। এরপরও ওদেরকে দুয়েকবার এদেশে দেখা গেছে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ওদের দু-জোড়াকে দেখলাম ভারতের রাজস্থানের ভরতপুর পক্ষী অভয়ারণ্যে। 

প্রাপ্তবয়স্ক লোহারজঙ্গের উচ্চতা ১২৯ থেকে ১৫০ সেন্টিমিটার, প্রসারিত ডানা ২৩০ সেন্টিমিটার ও ওজন ৪.১ কেজি। মাথা, ডানা-ঢাকনি ও লেজ ঘন কালো। পিঠের ওপরটা সাদা-কালো। লম্বা গলাটি চকচকে কালো, যার ওপর সূর্যের আলো পড়লে সবুজ, নীল বা বেগুনি আভা ছড়িয়ে পড়ে। দেহের বাকি অংশ ধবধবে সাদা। লম্বা কালো ঠোঁট। পা ও পায়ের পাতা প্রবাল-লাল। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, তবে স্ত্রীর চোখ হলুদ ও পুরুষেরগুলো বাদামি। অপ্রাপ্তবয়স্ক পাখির পালকের রঙ বাদামি ও দেখতে বড়গুলোর মতো হলেও পা কালো। 

ওরা সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। নদীর পাশের চরে অদ্ভুতভাবে হাঁটু ভেঙে বা পেট ঠেকিয়ে বিশ্রাম নেয়। ধীরে ডানা নেড়ে আকাশে ওড়ে। অগভীর পানিতে ঠোঁট ঢুকিয়ে চিংড়ি, ছোট মাছ, ব্যাঙ, সরীসৃপ, গুগলি, কীটপতঙ্গ, পাখি, কচ্ছপের ডিম ইত্যাদি খায়। সচরাচর নীরব থাকে; তবে উত্তেজিত হলে ঠোঁট দিয়ে ঠক্ ঠক্ শব্দ করে। 

লোহারজঙ্গ সারা জীবনের জন্য জোড় বাঁধে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রজননকাল। এ সময় ওরা সচরাচর পানির ধারে বা আবাদি জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা উঁচু গাছের মগডালে ডালপালা, খড় ও পাতা দিয়ে বড় বাসা তৈরি করে। স্ত্রী তাতে ফ্যাকাশে সাদা রঙের দুই থেকে পাঁচটি মোচাকার ডিম পাড়ে। ডিম ফোটে ২৯ থেকে ৩০ দিনে। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও ছানাদের লালনপালনের দায়িত্ব বাবা-মা মিলেমিশে করে। ছানারা উড়তে শেখে ৩ থেকে ৪ মাস বয়সে ও বয়ঃপ্রাপ্ত হয় ১৮ থেকে ২৮ মাসে। আয়ুষ্কাল দশ বছরের বেশি।

লেখক: পাখি ও বন্যপ্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা