চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম
রিলাক্স পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ, ডবলমুরিং ও দামপাড়া এলাকায় আলাদা আলাদা স্থানে দুইটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি যাত্রীবাহী দ্বিতল বাস রয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসব গাড়িতে আলাদাভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিএমপির পশ্চিম জোনের ডিসি নিহাদ আদনান তাইয়ান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আকবর শাহের গোরস্তান এলাকায় রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা লুসাই পরিবহনের একটি বাসে ও ডবলমুরিং এলাকার পিবিআই সদর দপ্তরের কাছে সিটি করপোরেশনের একটি দাঁড়িয়ে থাকা বর্জ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভান।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘দামপাড়া বাস কাউন্টার এলাকায় রাত সাড়ে ১০টার পর রিলাক্স পরিবহনের ঢাকাগামী একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে বাসটির আংশিক পুড়ে যায়। এ ঘটনায় চালক আহত হন।’