দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
বোমা নিক্ষেপে ট্রাকটির আংশিক পুড়ে গেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে দিনাজপুরে একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছেন ট্রাকটির চালক।
শনিবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এ ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধচালক আনিসুর রহমান আনিস সদর উপজেলার ইয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং হেলপার সফিকুল ইসলাম বোদা উপজেলার চন্দরবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। রাত ২টার দিকে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন জন ব্যক্তি হেলমেট পরে এসে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হয়। এবং পেট্রোল বোমার আগুনে চালক আনিস রহমানের পা দগ্ধ হয়েছে।
খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি ফারুকুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’