বাগেরহাট-৪
বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৫:১১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
জেলা কৃষক লীগের সহসভাপতি মো. রেজাউল ইসলাম রাজু গত বৃহস্পতিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রবা ফটো
কৃষক লীগের পদে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হওয়ায় বাগেরহাট জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার (২ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন এই তথ্য জানান।
সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন কৃষক লীগের নেতা রেজাউল ইসলাম রাজু। তিনি নিজেকে সাংবাদিক এবং বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরামের মহাসচিব হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
এদিকে বৃহস্পতিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের জানান, তিনি বিএনএমের জেলা কমিটির সদস্য। কৃষক লীগের পদে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন নিচ্ছি। নির্বাচিত হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।
কিন্তু তার কাছে দলের জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ শীর্ষ নেতাদের নাম জানতে চাইলে তিনি কারও নামই বলতে পারেননি। এমনকি বলতে পারেননি জেলা কার্যালয়ের ঠিকানাও।
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। স্থানীয়ভাবে প্রচার আছে, কৃষক লীগ নেতা রেজাউল মূলত আওয়ামী প্রার্থীর ‘ডামি প্রার্থী’ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সাংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য রেজাউল ইসলাম রাজুকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, তিনি কৃষক লীগের সহসভাপতি। দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গেও কথা হয়েছে।