চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ২২:৫৮ পিএম
নিহত আসহাবুল করিম জিহাদ। প্রবা ফটো
কক্সবাজারের চকরিয়ায় মোবাইল চোরদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- আসহাবুল করিম জিহাদ। তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন জিহাদ।
আটক ওই ব্যক্তি নাম- মো. সোহান। তিনি সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে চারটা ছুরিকাঘাত ছিল। এরমধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা আঘাত ছিল। ধারণা করছি, এ আঘাতের কারণেই তিনি ঘটনাস্থলে মারা গেছেন।
নিহতের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি বলেন, নিহতের বুকে চারটি ছুরির আঘাত রয়েছে। মাথায়ও আঘাত আছে। এ ছাড়া বুকের একপাশ ও ডান হাতের চামড়া ছিঁলে গেছে।
স্থানীয়রা জানান, কোনাখালীর মোবাইল চোরদের ৪-৫ সদস্যের সঙ্গে সন্ধ্যার দিকে মরংঘোনা স্টেশনে আসহাবের দেখা করে। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চোররা আসহাবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালানোর সময় একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।