আচরণবিধি ভঙ্গ
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৮:১০ পিএম
নোটিসের জবাব দিতে শুক্রবার মাগুরা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সশরীরে হাজির হন সাকিব। প্রবা ফটো
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান।
নোটিসের জবাব দিতে শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মাগুরা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সশরীরে হাজির হন সাকিব। ঘণ্টাখানেক পর সেখান থেকে বের হন নৌকার এই প্রার্থী।
পরে এ বিষয়ে সাকিবের ব্যক্তিগত আইনজীবী সাজিদুর রহমান সংগ্রাম বলেন, ’সাকিব আল হাসানকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে সতর্ক করা হয়েছে—যেন পরবর্তীতে আর আচরণবিধি ভঙ্গ না করেন।’
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। সে সময় শত শত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শোডাউন দেখা যায়। পরে নেতাকর্মীসহ শোডাউন নিয়ে মাগুরা জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান তিনি। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। যা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় পরদিন মাগুরা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত শিকদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাকিবকে কারণ দর্শানোর নোটিস দেন।
এ-সংক্রান্ত আদেশে শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—তার ব্যাখ্যা দিতে বলা হয়।