নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার নরসিংদী ক্লাবে নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা হয়। সেখানে সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম। তার হুমকির এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে আহসানুলকে বলতে শোনা যায়, ‘কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে হয় হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামু। এই শহরে, এই সদরের কোনো এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো জায়গা দেওয়া যাবে না।’
বক্তব্যে নিজেকে দলের তথা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ উল্লেখ করে জেলা ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামী লীগের বিরোধী; মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি, নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করব।’
এই ছাত্রলীগ নেতার এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর আচরণবিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এ ছাড়া জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয় তাকে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, ’নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরিসংদী সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।’
তিনি আরও বলেন, ‘এমন বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না।’
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, ‘আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’