মতবিনিময় সভায় কাঁদলেন লিপটন
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে মতবিনিময়সভায় কাঁদলেন ও কর্মীদের কাঁদালেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বুধবার (২৯ নভেম্বর) ফেনীর সোনাগাজী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবুল বাসারের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় বক্তব্যদানকালে দলের বিভিন্ন কর্মকাণ্ডে নিজের অবদান তুলে ধরে আবেগাপ্লুত হন এই নেতা।
তিনি বলেন, ‘আমি যখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে গেলাম, তিনি তখন আমাকে বললেন, তোমার ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফেল করেছে, এখানেই তো তোমার সব শেষ। আপনাদের ভালোবাসায় আমি রাজনীতিতে এসেছি, এখন যদি আমার রাজনীতি শেষ হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন।’
নিজের এ বক্তব্য দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন লিপটন। পাশে থাকা নেতাকর্মীদের টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে আওয়ামী লীগের এই নেতাকে। আবেগঘন বক্তব্যে এ সময় অনেক কর্মীকেও কাঁদতে দেখা গেছে।
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি আমার ইউনিয়নের চেয়ারম্যানকে জয়ী করতে পারিনি। অথচ আমার সাথে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ৪০ বছর পারিবারিক সম্পর্ক। যারা সোনাগাজীর রাজনীতির ইতিহাস জানে না তারা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি নাকি চেয়ারম্যানকে হারিয়েছি, আমি কী করে এমপি নির্বাচন করব?’
লিপটন বলেন, ‘আমার পিতা একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের তুখোড় নেতা ও ইউনিয়নের সভাপতি ছিলেন। ফেনীর ইতিহাসে খাজা আহাম্মদ নবাবপুরের নাম লেখা থাকবে। আমি আপনাদের কাছে বিচার চাইলাম। আমি রাজনীতি করব, এই জনপ্রতিনিধি হওয়ার রাজনীতি আমি আর করব না। ফেনী জেলার একটি ইউনিয়নে বিএনপির প্রার্থী দাঁড়িয়েছে, জয়লাভ করেছে, এর দায়দায়িত্ব আমাকে নিতে হয়েছে। দেলোয়ার সাহেব কী কারণে ফেল করেছে, তা আপনারা সবাই জানেন।’
ফেনী-৩ (দাগনভুঞা ও সোনাগাজী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ১১ জন। তাদের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বায়রার সভাপতি শিল্পপতি মো. আবুল বাসারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।