মুন্সীগঞ্জ-২ আসন
মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২২:০৪ পিএম
জয়নাল আবেদীন।
মুন্সীগঞ্জ-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
মনোনয়নপত্র জমাদানে ব্যর্থ হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছি। অনলাইনে সমস্যা হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হই। সেখানে আমার সময় নষ্ট হয়। পরে সরাসরি জমা দিতে গিয়ে মনোনয়নপত্র জমার সময় পেরিয়ে যায়। তবে এ বিষয়ে আপিল করে আমি আইনগত ব্যবস্থা নেব।’
এবার মুন্সীগঞ্জে তিনটি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে ১১ জন, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনে ১০ জন ও মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ৩২ জনের মনোনয়নপত্র আমরা হাতে পেয়েছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।