ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:১১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম
শাহজাহান ওমরের বাড়ি থেকে নামিয়ে ফেলা হয়েছে বিএনপির সাইনবোর্ড। প্রবা ফটো
ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজাপুরে নিজের বাড়ি থেকে বিএনপির সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, শাহজাহান ওমরের নির্দেশে বাড়ির কেয়ারটেকার এ সাইনবোর্ড সরিয়ে ফেলেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাজাপুর উপজেলার বাইপাস সড়কে অবস্থিত শাহজাহান ওমরের মালিকানাধীন বাড়ি থেকে উপজেলা বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাস সড়কে গিয়ে দেখা গেছে, ওই বাড়িতে বিএনপি দলীয় কোনো ফেস্টুন-পোস্টার ও সাইনবোর্ড নেই।
এদিকে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ইতঃপূর্বে এ আসনে নৌকা প্রতীক পাওয়া বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, বজলুল হক হারুনের নৌকা প্রতীক বরাদ্দ বাতিল হলে তার নির্বাচনের মাঠে না থাকার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই।’
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘শাহজাহান ওমর আওয়ামী লীগে যাওয়ায় ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিনি দলকে সব সময় বিভক্ত করে রাখতেন। তিনি আওয়ামী লীগে যাওয়ায় আমরা খুশি।’