পাবনা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৮:৩৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম
বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডলি সায়ন্তনী। প্রবা ফটো
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া উপজেলার আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে তিনি পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর ডলি সায়ন্তনী বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনও রাজনীতিও করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব।
তিনি বলেন, আশা করি পাবনা-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন এবং রাজনৈতিক তারকা বানাবেন।
ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগরে। জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন।