বগুড়া অফিস
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১১:৫৭ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
বগুড়ায় হরতালে গাড়ি ভাঙচুরের সময় দুজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো
বগুড়ায় হরতালে গাড়ি ভাঙচুরের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের কানছগাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন শহরের সূত্রাপুর এলাকার গাড়ি ব্যবসায়ী মমতাজ ও গাবতলী উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষার্থী জাহিদ হাসান।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাড়ি ভাঙচুরের সময় দুজনকে আটক করা হয়েছে। তারা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করেছিল। সেটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হরতাল বা অবরোধের নামে কেউ যদি জানমালের ক্ষতি করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে শহরের পিটিআই মোড়ে মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা কানছগাড়ী মোড়ে অবস্থান নেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের লক্ষ করে একটি ককটেল ছোড়া হয়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।