সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২৩:৪১ পিএম
স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন চৌধুরী। প্রবা ফটো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল আহসান তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এমপি নিক্সন চৌধুরী বলেন, ‘ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের জনগণের সমর্থন নিয়েই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। এ আসনে ৪০ বছরে যে উন্নয়ন হয়নি, আমি ১০ বছরে তার চেয়ে অনেক উন্নয়ন করেছি। আশা করি, জনগণ আমার উন্নয়নের মূল্যায়ন করবে। আমি একশত ভাগ আশাবাদী, জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে হ্যাটট্রিক বিজয়ী করে আমার ফুফুকে (শেখ হাসিনা) উপহার দেবে।’
দলের মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে নিক্সন চৌধরী বলেন, ‘তিনি আমার দলের কর্মীদের হামলা-মামলার হুমকি দিচ্ছেন। বলে বেড়াচ্ছেন প্রশাসনের মাধ্যমে বিজয়ী হবেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দুটি নির্বাচনের মতো এবারও আমার এখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান কাউসার হোসেন ও চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্লা।
এর আগে অসংখ্য নেতাকর্মীকে নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে সদরপুর ও চরভদ্রাসন ঘুরে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে আসেন নিক্সন চৌধুরী। সেখানে গাড়িবহর রেখে পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।