নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১২:৫২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৩:৩১ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা দেন ছোট ভাই কাদের মির্জা। প্রবা ফটো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা দিলেন তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, আওয়ামী লীগ নেতা মো. ইউনুস, হাসান ইমাম বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রশিদ মঞ্জু, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, পৌর যুবলীগ সভাপতি শামসুদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাজ উদ্দীন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আইনুল মারুফ প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে আবদুল কাদের মির্জা বলেন, আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের মনোনয়নপত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে জমা দিয়েছি। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয় আমরা সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। বাংলাদেশ নয়, সারা বিশ্বে আমাদের নেতার সুনাম ছড়িয়ে আছে, তাই তার আসনে সুষ্ঠু নির্বাচন আমরা চাই। দলের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব।
তিনি আরও বলেন, নৌকাকে জয়যুক্ত করতে আমরা নিয়মিত মিটিং মিছিল করেছি। আগামী ৪ তারিখ থেকে কেন্দ্রভিত্তিক সভা করব। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটভিক্ষা করব। ৭ জানুয়ারি যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এর আগে দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুস সালেকিন রিমন ও চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির কোনো প্রার্থী না থাকলেও জাতীয় পার্টি ও অন্যান্য দলের প্রার্থী রয়েছেন।