চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২০:১৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজের সঙ্গে মতবিনিময় করেন সিঙ্গাপুরের ১১ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। প্রবা ফটো
বাংলাদেশের ব্লু-ইকোনমি ও পর্যটন খাতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিল্লাইয়েরর নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ওমর হাজ্জাজের সঙ্গে মতবিনিময় করতে আসলে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিলা পিল্লাই চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ হিসেবে বে-টার্মিনালের নির্মাণের মাস্টার প্ল্যান প্রণয়ণের বিষয়টি উল্লেখ করে এতে কাজ করতে সিঙ্গাপুরের কোম্পানিরর আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ভৌগোলিকভাবে চট্টগ্রামের সাথে সাদৃশ্য রয়েছে সিঙ্গাপুরের। ট্রানশিপমেন্ট বন্দর হিসেবে সিঙ্গাপুরের সাথে রয়েছে চট্টগ্রাম বন্দরের সম্পর্ক। চট্টগ্রামে অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে যা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অত্যন্ত ইতিবাচক।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে পরিণত হতে যাচ্ছে। এ সকল অবকাঠামো এবং বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাসমূহ কাজে লাগিয়ে চট্টগ্রামে ব্লু ইকোনমি, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান।
পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গাপুরের লজিস্টিক খাতের দক্ষতা ও প্রযুক্তিগত সহযোগিতার অনুরোধ জানান তিনি। এছাড়া চট্টগ্রামকে সিঙ্গাপুরের ন্যায় একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট ক্ষেত্রে এগিয়ে আসতে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ-সহ হাইকমিশন ও সিঙ্গাপুরের মিনিস্ট্রি অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এবং পিএসএর প্রতিনিধিরো উপস্থিত ছিলেন।