নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোণায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলকার (২৮ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাজুরা বাজার এলাকার মোফাজ্জল আলীর ছেলে শরাফত আলী, একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ আলী ও সিরাজগঞ্জ জেলার গুনেরগাতি এলাকার ফেলবান মিয়ার ছেলে হাসান মিয়া।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরের পর ময়মনসিংহ থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা পৌনে তিনটার দিকে অটোরিকশাটি বামনখালী ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির একজন পুরুষ যাত্রী নিহত হন এবং অপর চার যাত্রী আহত হন। পরে আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্য আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকচালক ও অটোরিকশাচালক চালক পালিয় যায়। তবে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।