মাদারীপুরে ইসি আলমগীর
মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম
মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিমিয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সংগৃহীত ফটো
অতীতের মতো এবারও জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে– এমন সম্ভাব্য বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। এজন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিমিয় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়ে গেছে।’
নির্বাচনী আচরনবিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েত ছিল, সেহেতু এবারও সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।’
এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারে না। পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না।’
নির্বাচনে অংশ নিতে বিএনপিকে ইসি বারবার আহ্বান করছে উল্লেখ করে আলমগীর বলেন, ‘এখনও বলা হচ্ছে। শুধু বিএনপিকে নয়, ৪৪টি রাজনৈতিক দলকে আহ্বান করেছে কমিশন। যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, তাহলে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারন করা হতে পারে।’
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবির মেজর আবরার, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুলসহ পাঁচটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রির্টানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।