কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ২১:৫৫ পিএম
নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) বিহার এবং বিহার সংলগ্ন মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচরণ, পঞ্চশীল গ্রহণ এবং শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।
চিৎমরম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে এতে প্রধান পুণ্যার্থী ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ক্যপ্রু চৌধুরীর সঞ্চালনায় এ সময় সম্মানিত পুণ্যার্থী ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার প্রমুখ।