চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:৪৮ পিএম
গ্রেপ্তার জামায়াতের ৬ কর্মী। প্রবা ফটো
চাঁদপুরের কচুয়া থেকে জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ঘাগড়া এলাকার সেলিম মাস্টারের বাড়িসংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই জামায়াতের কর্মী।
গ্রেপ্তাররা হলেন—ফরিদগঞ্জ উপজেলার মো. আবু নোমান ও মো. মঈন উদ্দিন, কচুয়া পৌরসভা এলাকার আবু সাঈদ, কুমিল্লা জেলার হোমনা থানার সাব্বির হোসেন, কচুয়া মনপুরার মো. খালেদ ও ঘাগড়া এলাকার মো. তাজুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ’গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।’