নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ)। প্রবা ফটো
নওগাঁয় জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে শহরের ব্রিজের মোড় এলাকায় মিছিলৈ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজহারভুক্ত আসামি। এতদিন পলাতক ছিলেন। আজ বিকাল ৩টার দিকে পুলিশ তার অবস্থান জানতে পারে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, গত ২৯ অক্টোবর বায়েজিদ হোসেন ও আমিসহ দলের অন্য অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছিলাম। অথচ ওই মামলায় তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকেই বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো জেলায় এই সময়ের মধ্যে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তারের সংখ্যা ছয় শতাধিকের অধিক হবে।
জেলা বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে।