গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২০:১৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রবিবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৪ আসন (কাপাসিয়া) বাদে অন্য চারটি আসন থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ওই সময় পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রবিবার সকাল পর্যন্ত এ পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির নামে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, গণফ্রন্টের নামে জেলা কমিটির সভাপতি আতিকল ইসলাম, গাজীপুর-২ আসন থেকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গাজীপুর-৩ আসন থেকে কৃষক-শ্রমিক-জনতা লীগের জেলা সভাপতি আব্দুর রহমান ও জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক মণ্ডল বাচ্চু, গাজীপুর-৫ আসন থেকে বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী উর্মি মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে ওই সময় পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
তফসিল অনুয়ায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। যা ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোট হবে ৭ জানুয়ারি।
গাজীপুরের পাঁচটি আসনে এবার মোট ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৬২৯ জন। তাদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।