বগুড়া অফিস
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম
বগুড়ার সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা বগুড়ার সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগমের বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলা সদরের রাঙামাটি এলাকার বাড়িতে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এজন্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিউটি বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি কয়েক দিন ধরে বগুড়া শহরে অবস্থান করছি। আজ দুপুরের দিকে জানতে পেরেছি যে, শুক্রবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে আমার শিবগঞ্জের বাড়ি লক্ষ্য করে ৩টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। ওই সময়ে বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহতও হয়নি। কে বা কারা হামলা চালিয়ে সেটি নিশ্চিত নই। বিষয়টি জানার পর আজ পুলিশকে জানিয়েছি। আমি যাতে নির্বাচনে প্রার্থী না হই সেজন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে এসব করে কেউ আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।’
বিউটি বেগম প্রায় দেড় দশক আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। একপর্যায়ে তিনি বগুড়া জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক হন। ২০১৪ সালে তিনি বিএনপির সমর্থন নিয়ে নিজ এলাকা শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
বিউটি বেগম দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্প্রতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন এবং নির্ধারিত ফি ১৬ হাজার টাকা জমা দিয়ে ভোটার তালিকার সিডিও সংগ্রহ করেছেন। মাঠে গুঞ্জন রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) তাকে বগুড়া-২ আসনে দলীয় প্রার্থী করতে চায়। এজন্য বিএনএমের ডাকে গত ১৮ নভেম্বর শনিবার তিনি ঢাকায় দলটির কার্যালয়েও গিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিউটি বেগম ঢাকায় যাওয়ার কথা স্বীকার করলেও বিএনএম কার্যালয়ে যোগাযোগের বিষয়টি স্পষ্ট করেনি।
ককটেল নিক্ষেপের প্রায় ১৫-১৬ ঘণ্টা পর ওই ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার কারণ জানতে চাইলে বিউটি বেগম বলেন, ‘আশপাশের বাড়ির লোকজন শব্দ শুনলেও প্রথমে বুঝতে পারেনি। সেজন্য আমাকে জানায়নি।’
বিউটি বেগম বলেন, ‘আমি কাউকে সন্দেহ করতে চাই না। তবে এর আগে ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবারও হামলা করা হচ্ছে। তবে এসব করে আমাকে দমানো যাবে না।’
সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগমের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘এ ধরনের ঘটনার কথা কেউ বলেনি। কোনো অভিযোগও পাওয়া যায়নি। আমরা জানার পর বিউটি বেগমকে অবহিত করেছি এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’