রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম
জেলের জালে ধরা পড়া ৫৫ কেজির বাঘাইর মাছ। প্রবা ফটো
রাজশাহীর পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে জেলে শাহ জামানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে শাহজামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি নদীর ভেতর থেকে কিছু একটা জাল টেনে নিয়ে যাচ্ছে। পরে আশপাশে থাকা অন্য জেলেদের সহযোগিতায় মাছটি ধরে টেনে নৌকায় তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।’
মাছটি কিনেছেন ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘পদ্মায় এত বড় বাঘাইড় ধরা পড়ার কথা শুনে এখানে আসি। দামদর করে ৫০ হাজার টাকায় কিনেছি। এই মাছ ঢাকার আড়তে পাঠানো হবে। সেখানে ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করব। কারণ এই মাছ পাঠাতে খরচ হবে এর জন্য দামও বেড়ে যাবে।’
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাজশাহীর পদ্মায় বড় বড় মাছ পাওয়া যায়। নদীতে বিভিন্ন প্রজাতির মাছও জেলের জালে উঠে। এই মৌসুমে এই প্রথম এত বড় বাঘাইড় মাছ উঠল। বাঘাইড় মাছ বাঘার দিকে বেশি পাওয়া যায়। এখন নদীতে পানি কমতে শুরু করেছে। মাছ ধরার মৌসুমও এখন। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে নদীতে।’