ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম
চিকিৎসা শেষে ঈগলটি অবমুক্ত করেছে বন বিভাগ। প্রবা ফটো
ভোলার পশ্চিম ইলিশা থেকে অসুস্থ অবস্থায় একটি দেশি গুটি ঈগল (ইন্ডিয়ান স্পটেড ঈগল) উদ্ধারের পর চিকিৎসা শেষে অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে পাখিটি অবমুক্ত করা হয়।
ভোলা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২০ নভেম্বর সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্ৰামে নিজ বাগানে আহত ঈগলটি দেখতে পান কৃষক সাহাবুদ্দিন। পাখিটি উদ্ধার করে তিনি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন। এরপর সেখানে চিকিৎসা, পরিচর্যা ও খাদ্য সরবরাহের পর সুস্থ হলে বিকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে পাখিটি অবমুক্ত করা হয়।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্য প্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে ঈগলটির ছবি দেখে এটিকে দেশি গুটি ঈগল (India Spotted Eagle) বলে চিহ্নিত করেন।
তিনি বলেন, এটি মূলত বিপন্ন প্রায় দেশীয় প্রজাতির ঈগল। এরা শীত মৌসুমে দেশের উপকূলসহ হাওর অঞ্চলে প্রজননের জন্য অবস্থান করে। খুশির বিষয় হচ্ছে, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন যেকোনো বিলুপ্ত প্রায় প্রাণী জীবিত উদ্ধার হচ্ছে।