রাজশাহী অফিস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে অনেকাংশ পুড়ে যায়। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীরর শাহমখদুম থানা এলাকার সিটি হাটের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোলবোমা মারে দুর্বৃত্তরা। এতে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির অনেকাংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে।