রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ২০:১২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ২০:৩৮ পিএম
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মো. কামাল উদ্দিন বিল্লাল নামে এক সহকারী শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক হোসেনের বিরুদ্ধে।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই হামলা হয়। অন্য শিক্ষকরা কামালকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করান। কামাল উপজেলার মাছিমপুর গ্রামের তৈয়ারী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে। ফারুক একই গ্রামের আইচের বাড়ির মৃত মোহাম্মদ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় ফারুক হোসেন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেই প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সামনে সহকারী শিক্ষক কামালের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এজন্য আমি অনুতপ্ত। আমি তো মানুষ, ফেরেশতা না। ভুল হতেই পারে। ঘটনার পরপরই বিষয়টি সমাধানের জন্য বিল্লালের বাড়িতে গিয়েছি। কিন্তু কাউকে পাইনি।’ তবে কী নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তার জানান, কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে গেল। পরে আমিসহ অন্য শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তবে শিক্ষকের ওপর হামলা দুঃখজনক।
রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।