বেনাপোল ( যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:৪২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম
১৮টি স্বর্ণের বারসহ আকতারুল নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত
বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ আকতারুল নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে স্বর্ণের এই চালানসহ তাকে আটক করা হয়।
আটক আকতারুল বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের আবু বক্করের ছেলে।
বুধবার (২২ নভেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, বেনাপোল সীমান্তের পুটখালি গ্রাম দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হচ্ছে-এমন খবরে সেখানে অভিযানে যায় বিজিবি। এ সময় সন্দেহ হওয়ায় একটি ইজিবাইক থামিয়ে যাত্রীদের দেহ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিতে আকতারুলের কাছ থেকে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন দুই কেজি ৮০ গ্রাম, যার দাম প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। এ সময় ইজিবাইকটিও জব্দ করা হয়। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নেতৃত্বে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।