× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-৫ আসনে নৌকার টিকিট চান ২২ জন, বিএনপিতে হতাশার সুর

মো. জাকির হোসেন, বুড়িচং (কুমিল্লা)

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

কুমিল্লা-৫ আসনে নৌকার টিকিট চান ২২ জন, বিএনপিতে হতাশার সুর

দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ প্রাচীন জেলা কুমিল্লা। ভারত-সীমান্তবর্তী এই জেলার ১১টি সংসদীয় আসনের একটি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)। স্বাধীনতার আগ থেকেই এই আসনটি আওয়ামী লীগ প্রভাবিত। স্বাধীনতা-পরবর্তী ১১টি জাতীয় নির্বাচন ও একটি উপ-নির্বাচনসহ মোট ১২টি নির্বাচনে আওয়ামী লীগ ছয়বার আর বিএনপি দুইবার বিজয়ী হয়েছে আসনটিতে। আগামী সংসদ নির্বাচনে এখান থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিট আশা করছেন কমপক্ষে ২২ জন, যারা ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন। আর বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত না নিলেও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরাও বসে নেই। আবার জাতীয় পার্টির রওশনপন্থিরা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও ২১ নভেম্বর পর্যন্ত কেউ মনোনয়ন ফরম কেনেননি। রাজনৈতিক দলগুলোর মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতার সঙ্গে কথা বলে ও মাঠপর্যায়ে ঘুরে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা-৫ আসন ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। তার মধ্যে বুড়িচং উপজেলায় পড়েছে নয়টি। আর ব্রাহ্মণপাড়ায় আটটি। আসনটিতে মোট ভোটার চার লাখ ৬৩ হাজার ১৯৩ জন। আসনটির প্রতিটি জনপদেই এখন আওয়ামী লীগের প্রার্থীদের নানামুখী প্রচারণা চলছে। পোস্টার, বিলবোর্ড, ব্যানারে ছেয়ে গেছে সব হাটবাজার। বিএনপি এখনও দূরে থাকায় বলতে গেলে নির্বাচনী মাঠ পুরোপুরি আওয়ামী লীগের দখলে। তবে তাদের বেশিরভাগই মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত না বলে অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা।

তবে তার ব্যতিক্রম আছে। মাঠপর্যায়ে কাজ করছেন কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগ সহসভাপতি আবুল হাশেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ, সদস্য আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, সদস্য আব্দুল মমিন ফেরদৌস (সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর ছোট ভাই), বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রয়াত মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক দিদার মো. নিযামুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ অনেকে।

এদিকে বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও আন্দোলনের ফাঁকে নানাভাবে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দলটির কিছু নেতাকর্মী যেমন গ্রেপ্তার হয়েছেন, অনেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে দলটির প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা নেই, তবু তারা প্রকাশ্যে অবস্থান নিয়ে সড়ক-মহাসড়কসহ প্রায় সব এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ করছেন নিয়মিত।

নির্বাচন সামনে রেখে বতর্মান এমপি হাশেম খান বলেন, আমি যদি আবারও মনোনয়ন পাই তবে অবশ্যই বিজয়ী হব এবং অসমাপ্ত কাজ সমাপ্ত, সংসদীয় আসনটির উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানে পদক্ষেপ গ্রহণ করব।

বিএনপি এই আসনটিতে সংকটে আছে। ২০২১ সালে বিএনপির প্রভাবশালী নেতা সাবেক এমপি মো. ইউনুসের মৃত্যু এবং মামলা-হামলায় নেতাকর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েন। তবে সাম্প্রতিক সময়ে একাধিক দলীয় কর্মসূচির কারণে নেতাদের সঙ্গে কর্মী-সমর্থকদের দূরত্ব অনেকটা কমে এসেছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করছেন বেশ কয়েকজন। 

ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি জসিম উদ্দিন সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মনোনীত হওয়ার পর তার রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। পিছিয়ে নেই ২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহসভাপতি এ এস এম আলাউদ্দিন ভূইয়া, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ হ ম তাইফুর আলম। 

এর বাইরে তৃণমূল বিএনপি থেকে সাবেক কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট শওকত মাহমুদ, জাতীয় পার্টি (এরশাদ) থেকে বুড়িচং উপজেলা সভাপতি জসিম মাস্টার, ব্রাহ্মণপাড়া জাতীয় পার্টি (এরশাদ) সভাপতি মো. জাহাঙ্গীর আলম নির্বাচনে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন তাদের অনুসারী নেতাকর্মীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা