× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের শ্রীপুর

রহস্যের আগুনে পুড়ল প্রাথমিক বিদ্যালয়

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

রহস্যের আগুনে পুড়ল প্রাথমিক বিদ্যালয়

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ১৩২নং গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও আসবাবপত্র।

গত শনিবার গভীর রাতে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম টিপু জানান, গতকাল রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে স্কুলঘরে আগুন লাগার বিষয়টি জানালে দ্রুত স্কুলে গিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। আগুনে একটি শ্রেণিকক্ষের ৫ জোড়া টেবিল, একটি সিলিং ফ্যান, আসবাব, ইলেকট্রনিক সুইচবোর্ড ও ওই কক্ষের এক পাশের দুটি জানালা পুড়ে গেছে। 

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনের পাশে টিনের তৈরি একটি শ্রেণিকক্ষের জানালা পুড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরে চারটি পোড়া বেঞ্চের লোহা পড়ে আছে। কাঠের টেবিল-বেঞ্চ পুড়ে কয়লাগুলো মেঝেতে ছড়িয়ে আছে। সিলিং ফ্যানের পাখায় রয়েছে আগুনে পোড়ার চিহ্ন।

স্কুলের পাশের বাড়ির বাসিন্দা হুমায়ুন কবির ও লিয়াকত আলী বলেন, ‘ফজরের নামাজ পড়তে এসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেখতে পাই। পরে সবার সহযোগিতায় আমরা আগুন নেভাই। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে জানতে পারিনি।’

বিদ্যালয়ের পাশেই দোকানদার আবদুর রশিদ বলেন, ‘ভোররাত আনুমানিক ৩টার দিকে বিদ্যালয়ের সামনে হরতালের সমর্থনে একটি মিছিল হয়েছে। দোকানের ভেতর থেকে মিছিলের শব্দ শুনেছি। তবে ওই মিছিল থেকে অগ্নিসংযোগ করা হয়েছে কি না নিশ্চিত বলতে পারছি না। ঘুম থেকে সকালে উঠে স্কুলে স্থানীয়রা আগুন নেভান।’

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইমন ও তুহিন আক্তার বলে, আমাদের স্কুলের টিনশেড কক্ষে কারা যেন আগুন দিয়েছে। আমরা তাদের বিচার চাই। যারা এ কাজ করেছে তারা মানুষ না।

চতুর্থ শ্রেণির অপর শিক্ষার্থী নার্গিস আক্তার বলে, ১০টায় স্কুলে এসে দেখি স্কুলের টেবিল ও দুটি জানালা পোড়া। এখন আমাদের স্কুলে পড়া সমস্যা হবে কি না জানি না। আগুন দেওয়ায় অনেকের মন খারাপ লাগছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদির জানান, পুড়ে যাওয়া শ্রেণিকক্ষে প্রথম পর্যায়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হতো। দ্বিতীয় পর্যায়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। আগুনে ওই শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় গতকাল শিশু শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির ৩২ শিক্ষার্থীর ক্লাস নেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এটি ঘটিয়েছে এবং এটি কোনো নাশকতার ঘটনা কি না, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। 

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশীদ জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালেই স্কুল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা