রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২২:১০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২২:১০ পিএম
ভুক্তভোগী রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রবা ফটো
রাজশাহীতে এক চিকিৎসকের বিরুদ্ধে প্রসূতির গর্ভে ফুল রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। মেরিনা আক্তার নামে এই চিকিৎসক নওগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। রোগীকে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর স্বাজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।
প্রসূতির ছোট ভাই আব্দুল জব্বার বলেন, পুঠিয়া উপলার বেসরকারি রায়হানা ক্লিনিকে গত ২ নভেম্বর তার বোন রিতাকে ভর্তি করা হয়। মেরিনা আক্তার তার সিজার করেন। সিজারের পর রিতা নবজাতককে নিয়ে বাড়ি ফিরে যান। কিছুদিন পর সিজারের সেলাই কাটা হয়। সেলাই কাটর পর রক্তপাত বন্ধ হচ্ছিল না, তেমনি চরম পেটব্যথা করছিলেন। অবস্থার অবনতি হলে ১২ নভেম্বর তাকে আবার ওই রায়হানা ক্লিনিকে মেরিনা আক্তারের কাছে নিয়ে যান স্বজনরা। অস্থার অবনতি দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন মেরিনা। সেখানে নেওয়া হলে আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। সিল্কসিটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার পর ডাক্তার জানান, রিতার পেটের ফুল অপসারণ করা হয়নি। পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয় রিতাকে।
রামেক হাসপাতালের গাইনি ইউনিট প্রধান নাহিদ সুলতানান বলেন, রিতার পেটে জমাট রক্ত রয়েছে। এটা এমন কিছু না। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠবেন। এ বিষয়ে মেরিনা আক্তার বলছেন, ফুল পেটের মধ্যে থাকলে তাতে ভয়ের কোনো কারণ নেই। ফুল শরীরের সাথে মিশে যায়। যদি সমস্যা হয় তবে চিকিৎসা আছে।