দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২২:২৮ পিএম
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরী।
রবিবার (১৯ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ২০১৪ সাল থেকে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে নৌকা প্রতীক নিয়ে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দুই বছর ধরে এমপি পদে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠপর্যায়ে তৎপরতা চালাচ্ছেন তিনি। তার বড় ভাই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ভাটি এলাকা হিসেবে পরিচিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত। ঘনিষ্ঠ সহচর হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। ২০১৭ সালে সুরঞ্জিতের মৃত্যুর পর উপনির্বাচনে এ আসনের এমপি নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় এমপি হন তিনি। জয়ার সঙ্গেও রাজনীতিতে সক্রিয় ছিলেন চৌধুরী মাহমুদ।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ’ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে রাজনীতি করছি। আমার বাবা আবদুল মান্নান চৌধুরী শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন।’ ১৯৯৬ সালে বাবা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন বলে জানান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।
আগামী নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে প্রতিদিনের বাংলাদেশকে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ’এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের মতো বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী জয়া সেনগুপ্ত সংসদ সদস্য হয়েছেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি ঠিকভাবে কাজ করতে পারছেন না। দিরাই-শাল্লার মানুষ এবার পরিবর্তন চায়। তাই এই আসনে আমি এবার দলীয় মনোনয়নপ্রত্যাশী। আশা করি এবার এখানে আমিই নৌকা পাব।’ উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ মাহমুদ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় মনোনয়নপত্র বিতরণ বুথের দায়িত্বে থাকা শামসুল কবির রাহাত জানান, চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।