গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ২০:৪৭ পিএম
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বাবুল হোসেনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের পর বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাবুল হোসেনকে গাড়ি পোড়ানো মামলায় কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বলেন, বাসন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখনো হয়েছে। মামলা নং ৪৭। কিছুদিন আগে মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা একটি গাড়ি পোড়ায়। ওই গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল রাতে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করে আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে ডিবি। তিনি শ্রমিক আন্দোলনের ইন্ধনদাতা।
উল্লেখ্য, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে দাবী করে তার পরিবার ও সংগঠন। গতকাল গাজীপুরের কোনাবাড়িতে নিহত শ্রমিক পরিবার ও গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করতে গাজীপুর আসেন। রাত সাড়ে ৭টায় সর্বশেষ ফোন আলাপে বলেছিলেন তিনি বাসে উঠেছেন। এরপর থেকে কারও সঙ্গে তার যোগাযোগ হয়নি।
পরবর্তীতে আজ তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, বাবুল হোসেনকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু যে সময় গাড়িটি পোড়ানো হয় বলে উল্লেখ, সে সময় তিনি গাজিপুরেই ছিলো না। আমাদের ন্যায্য দাবীর পক্ষের এই আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।