কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২২:২৩ পিএম
সঙ্গীত শিল্পী এ আর রহমানের সুর করা গানে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতির নিন্দা জানিয়ে সমাবেশ। প্রবা ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতির প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। সোমবার (১৩ নভেম্বর) বিকালে কান্দিরপাড় নগর মিলনায়তনের গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।
শিশু-কিশোর যুব উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন সংলাপের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ভারতীয় সিনেমা ‘পিপ্পা’য় সঙ্গীত শিল্পী এ আর রহমানের সুর করা গানে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির সুর বিকৃতির নিন্দা জানানো হয় সমাবেশে।
সমাবেশে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সংলাপ কুমিল্লার সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কুমিল্লা কলেজ থিয়েটারের প্রচার সম্পাদক মুইন উদ্দিন খান ও লাকসাম নাট্যজংশন দলপ্রধান জিএমএস রুবেল, আলোকিত বজ্রপুরের সংগঠক মো. রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।