সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২১:৫৬ পিএম
শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। প্রবা ফটো
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন দেখে দেশের জনগণ আবারও নৌকায় ভোট দেবে; এটা বুঝতে পেরে ধোকাবাজ, জঙ্গিবাদ ও সন্ত্রাসীর দল বিএনপি-জামায়াত আবারও দেশে জ্বালাও-পোড়াও শুরু করেছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন মৎস্যজীবী লীগ আয়োজিত ব্রাক্ষ্মণডাঙ্গা স্কুল মাঠে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী আব্দুস সোবহান বলেন, বিদেশে বসে পলাতক, দুর্নীতিবাজ ও খুনি তারেক রহমানের নির্দেশে দেশে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও শুরু করেছে। পুলিশ, সাংবাদিক, বাসচালকদের আগুনে পুড়িয়ে মারছে। তাদের হাত থেকে যাত্রীবাহী বাস, রোগীবাহী অ্যাম্বুলেন্সও রেহাই পাচ্ছে না। তাদের এ সকল নৈরাজ্যর বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ রাজপথে থেকেই প্রতিহত করব।
তিনি বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতা এসে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি বরং দেশকে তলিয়ে দিয়েছে। উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করছে। ওই ধোকাবাজ, জঙ্গিবাদ, সন্ত্রাসীর দল বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।
পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।
আরও ছিলেন অর্ভিয়া টাচ্-এর সিইও শারমিন আক্তার, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন, নগরকান্দা উপজেলার যুগ্ম আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎস্যজীবী লীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর আহমেদ আনিস, সালথা উপজেলা মৎস্যজীবী লীগ নেতা, মেজবাহ উদ্দিন মিঠু ও হৃদয় খান সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি তালুকদার মিজান।