গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ২১:৫০ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়া আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহটি ফেলে গৃহবধূর স্বামী ও শাশুড়ি পালিয়ে গেছে।
নিহত রিয়া আক্তার গোয়ালন্দ উপজেলার নলডুবি গ্রামের জাকির ফকিরের মেয়ে ও তেনাপচা গ্রামের মিন্টু শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালন্দর নলডুবি গ্রামের জাকিরের মেয়ে রিয়ার সঙ্গে তেনাপচা গ্রামের ফজের আলীর ছেলে মিন্টুর ছয় মাস আগে বিয়ে হয়। এরই মাঝে রিয়া সন্তানসম্ভবা হয়। পরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে কর্মস্থল ঢাকায় চলে যায় মিন্টু। এরপর রিয়াকে নির্যাতন শুরু করে শাশুড়ি জমিলা বেগম। নির্যাতনের ফলে রিয়া বাবার বাড়িতে চলে যায়। খবর পেয়ে এক সপ্তাহ আগে মিন্টু বাড়ি আসে। শ্বশুরবাড়ি থেকে রিয়াকে বাড়িতে নিয়ে আসে।
গত রবিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে রিয়া। পরে মিন্টু ও তার মা রিয়াকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়ার মৃত্যুর খবর জানার পর মরদেহ হাসপাতালে ফেলেই রিয়ার শাশুড়ি ও স্বামী পালিয়ে যায়।
পরে খবরটি জানতে পেরে মরদেহটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
নিহতের বাবা জাকির ফকির বলেন, ‘প্রতিদিন রিয়ার সঙ্গে মোবাইলে কথা হয়। আজ সকালেও রিয়া মোবাইলে মায়ের সঙ্গে কথা বলেছে। আমার মেয়েটা এভাবে মরতে পারে না।’
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আঁখি বিশ্বাস জানান, গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা রুজু হয়নি।