মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২১:১৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ২১:৪৫ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি ঘর রয়েছে। দুপাশে সারিবদ্ধ ঘরগুলোর মাঝের ফাঁকা জায়গার মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শসা, করলা, ধুন্দল, পুঁইশাক, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি। এ ছাড়া ঘরের আঙিনায় চাষ করা হচ্ছে লালশাক। প্রকল্পের বাসিন্দারা নিজেদের চাষ করা এসব শাকসবজি ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামকে উপহার দিয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে এলে তাকে এ উপহার দেওয়া হয়। এ সময় শাকসবজি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আপনাদের অবস্থার উন্নয়ন হয়েছে। আমরা চাই আরও উন্নয়ন হোক। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হোক। বিসিএস দিয়ে আমাদের স্থানে আসুক। এটা আমাদের মন থেকে চাওয়া। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু মনে জোর নিয়ে তা প্রতিহত করতে হবে।’ এর আগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য বসার স্থান ‘নীড়’-এর উদ্বোধন করেন কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় সেখানে একটি বৃক্ষও রোপণ করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ।
জনপ্রতিনিধি ও রাজনীতিকদের মধ্যে ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার। পরে বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।