জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ২১:১০ পিএম
প্রেমের বিয়েতে বিচ্ছেদ হওয়ার পরে দুধ দিয়ে গোসল করে বাকি জীবনে প্রেম -বিয়ে না জড়ানোর শপথ। প্রবা ফটো
প্রায় তিন বছর প্রেমের পর আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন। কিন্তু ছেলের পরিবারের অস্বচ্ছলতায় বিয়ের মাত্র ১১ দিনেই পড়তে হয় বিচ্ছেদের মুখে। তাই জীবনে আর কখনোই প্রেম-বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে ‘এক মণ’ দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার ইশান মাহমুদ শ্রাবণ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রাবণ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি তার নানা বাড়ি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে থেকে পড়াশোনা করতেন।
শ্রাবণের পরিবারসূত্রে জানা গেছে, ২০২০ সালে মাধ্যমিক পাস করার পর নানা বাড়ি থেকে নিজ বাড়ি চলে আসেন শ্রাবণ। পরে সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে ভর্তি হন। এ বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। মির্জাপুর থাকাকালীন তার গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শ্রাবণের। প্রায় তিন বছর প্রেমের পর ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রিট আদালতে গিয়ে তারা বিয়ে করেন। পরে বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার মেনে নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিয়ের ১১ দিনের মাথায় ৮ নভেম্বর, বুধবার শ্রাবণকে ডিভোর্স লেটার পাঠায় মেয়ের পরিবার। ডিভোর্স লেটার দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাকে তার নানাবাড়ি পাঠিয়ে দেন। পরে ডিভোর্সের ক্ষোভে শুক্রবার বিকালে এক মণ দুধ দিয়ে গোসল করে বাকি জীবনে প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ নিয়েছেন তিনি।
শ্রাবন বলেন, ‘আমার ইচ্ছে ছিল চাকরি করে প্রতিষ্ঠিত হয়ে দুই বছর পরে বিয়ে করব। কিন্তু তার (প্রেমিকা) চাপে তাকে আদালতের মাধ্যমে বিয়ে করি। কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় মেয়ের পরিবার এই বিয়ে মেনে নেননি। বিয়ের ১১ দিনের মাথায় সে আমাকে ডিভোর্স দেয়। সেজন্য এক মণ দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি বাকি জীবনে আর কোনো প্রেম-বিয়ে করব না।
তিনি আরও জানান, অন্যকোন মেয়েকে হৃদয়ে স্থান দিতে পারব না, সেকারণেই এই শপথ নিয়েছি। তবে তার জন্য আমি অপেক্ষা করব। একমাত্র সে যদি ফিরে আসে তাহলে এই শপথ ভাঙবে।’