রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান অস্ত্রু। প্রবা ফটো
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে বরখাস্ত চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ইউপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বরখাস্ত চেয়াম্যান শেখ মো. ওহিদুজ্জামানের ছেলেসহ ১০/১২ জন লোক এসে ইউপি কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান অস্ত্রুকে মারধর করেন।
ওয়াহিদুজ্জামানকে গত ১২ অক্টোবর চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর থেকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান অস্ত্রু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মনিরুজ্জামান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে তার ওপর আক্রোশ তৈরি হয় ওয়াহিদুজ্জামান। এর জেরে তার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, ‘আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। চেয়ারম্যান বরখাস্ত হওয়ার পর থেকে আমার ওপর ক্ষিপ্ত। এর পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এই আক্রোশ থেকে তারা আমার ওপর হামলা করেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ওহিদুজ্জামান জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এলাকায় ফিরে এই ঘটনার সমাধান করবেন।
তিনি বলেন, ‘টিআর কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কারের জন্য আমার একটি দিঘি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমার ছেলেরা কথা বলতে গেলে কথা কাটাকাটি থেকে মারধরের ঘটনা ঘটে।’
ওহিদুজ্জামানের ছেলে শেখ আলীমুজ্জামান হিমেল বলেন, ‘আমার ছোট ভাই মাটি কাটার কথা জিজ্ঞেস করতে গেলে অস্ত্রু মেম্বার আমার ভাইকে গালিগালাজ করে ও গায়ে হাত তোলে। খবর পেয়ে আমি গেলে, আমাকেও গালিগালাজ করে।’
টিআর কাবিখা প্রকল্পে মাটি কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুজ্জামান। তিনি বলেন, ‘তার (ওহিদুজ্জামান) পুকুর থেকে মাটি নেওয়া হয়নি। তার পুকুরের পাশ থেকে মাটি নিয়ে রাস্তায় দিয়েছি।’
রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান বলেন, ‘আমি ঘটনা শুনেছি। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’