প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:৫২ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকদের ওপর হামলা-হত্যা বন্ধ, গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদ। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা যে ঘোষণা সরকার করেছে তা প্রত্যাহারে দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ দিয়ে পোশাক শ্রমিকদের ওপর আক্রমণ, হত্যা, নির্যাতন ও শ্রমিকনেতা ওয়াজকুরুনীসহ গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের যে ১২ হাজার টাকা মজুরি করা হয়েছে সেটা দিয়ে তাদের ঘর ভাড়া হয় না। তাহলে এই বেতন দিয়ে তারা কী করবেন? তাই আমরা এই হটকারী সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।
এ সময় সরকার পতনের যে গণআন্দোলন শুরু হয়েছে, সেখানে দেশের সব নেতাকর্মী, শ্রমিক, পুলিশ ও আমলাদের অংশ নেওয়া ও মৌন সমর্থনের আহ্বান জানান গণঅধিকার পরিষদের এই নেতা।
রাশেদ খাঁন আরও বলেন, সরকার সব আন্দোলনে ষড়যন্ত্র খুঁজে বেড়ায়। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির আন্দোলনেও নাকি ষড়যন্ত্র, রাজনৈতিক ইন্ধন আছে। মানুষের যে পরিমাণ আয়, ব্যয় তার দ্বিগুণ। সংসার চালাতে গিয়ে মানুষ দিশেহারা। সন্তানের লেখাপড়া করাতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনে তিনজন শ্রমিক নিহত হয়েছে। কিন্তু সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। উল্টো প্রধানমন্ত্রী বলছেন, বেতন যা বাড়ানো হয়েছে এতেই ঘরে ফিরে যাও, কাজে যাও...প্রধানমন্ত্রীকে বলব, আপনার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে এসেছে। বিদায়ের আগে শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা করে একটি ভালো কাজ করে যান।
রাশেদ খাঁন আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতা চাই।
এ সময় শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আবু হানিফ, শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল করীম শাকিল, ছাত্র অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদ সভাপতি শামীম মোল্লা, উত্তরের সভাপতি মাহবুবুল হক শিপন, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন রবিন।